স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আগামী মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৫ মে দেশ ছাড়বে টাইগ্রেসরা।
১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
আজ মিরপুরে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানান, পাঁচ ম্যাচের মধ্যে অন্তত তিনটিতে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
তিনি বলেন, “আমরা নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা করছি। আমাদের এই তিনটি ম্যাচ জেতা উচিত।”
বিশ্বকাপ দল চূড়ান্ত করার সময় কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে বলেও জানান সাজ্জাদ। এসময় নির্বাচক প্যানেলের অপর সদস্য ও সাবেক অধিনায়ক সালমা খাতুন উপস্থিত ছিলেন।
টানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারার পর সর্বশেষ ঘরের মাঠে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা।
শ্রীলংকা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাজ নেহার।
অধিনায়ক নিগার সুলতানার ফিটনেস নিয়েও রয়েছে শঙ্কা। যদিও বড় ধরনের ইনজুরিতে ভুগছেন না তিনি।
সাজ্জাদ বলেন, “বিশ্রাম ছাড়া তার জন্য আর কোনো উপায় নেই। খেলতে থাকলে সমস্যা আরও বাড়তে পারে।”
১৫ সদস্যের দলে মাত্র দুজন বিশেষজ্ঞ পেসার রাখা হয়েছে। তারা হলেন মারুফা আখতার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। পেস বোলিংয়ে ব্যাকআপ হিসেবে থাকবেন রিতু মনি।
ইংল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক হলেও স্পিন নির্ভর পরিকল্পনাতেই এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট।
সাজ্জাদ বলেন, “ইংল্যান্ডে গ্রীষ্মকালে উইকেট অনেকটা উপমহাদেশের মতো হয়ে যায়। তাই আমরা স্পিনারদের ওপরই বেশি ভরসা রাখছি। তবে কন্ডিশন বুঝে দুই পেসারও খেলানো হতে পারে।”
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার ও তাজ নেহার।





