তৃণমূলের মতামত ও জনপ্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হবে: তারেক রহমান

আর্থিক বা পারিবারিক প্রভাব নয়, যোগ্য ও জনসম্পৃক্ত নেতাদের মনোনয়ন—বিবিসিকে তারেক রহমান

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার :
বিবিসি বাংলাকে দেওয়া একই সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের প্রার্থী বাছাইয়ে কোনো আর্থিক, ক্ষমতাগত বা পারিবারিক প্রভাব কাজ করবে না।

তিনি বলেন, “মনোনয়নে আমরা এমন প্রার্থীকে অগ্রাধিকার দেব, যিনি এলাকার সমস্যা সম্পর্কে অবগত, জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন।”

তারেক রহমান জানান, তৃণমূলের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্য ও জনসমর্থনসম্পন্ন নেতাদের মনোনয়ন দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা এমন ব্যক্তিকে বেছে নিতে চাই, যিনি শুধু দলের নয়, বরং দলমত নির্বিশেষে এলাকার অধিকাংশ মানুষের সমর্থন পান।”

বিএনপির এই নেতা আরও জানান, তিনি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আগামীর নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, তবে সরাসরি প্রধানমন্ত্রী পদের প্রত্যাশা বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।