নিজস্ব প্রতিবেদক | ১৯ জুন ২০২৬
মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাহ।
জানা যায়, মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন ওই প্রবাসী শ্রমিক। দুর্ঘটনার পর সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে দেশে ফিরে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের অধীনে স্থানান্তর করা হয়। গত প্রায় পাঁচ মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত প্রবাসীর শারীরিক অবস্থার কথা জানতে পেরে হাসপাতালে যান তরিকুল ইসলাম তারিক ও ডা. সাইফুল আলম বাদশাহ। তারা রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ সময় ডা. সাইফুল আলম বাদশাহ রোগীর প্রেসক্রিপশন ও চলমান চিকিৎসা প্রক্রিয়াও পর্যালোচনা করেন।
পরে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে আহত প্রবাসীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন তরিকুল ইসলাম তারিক। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি।
এ সময় তরিকুল ইসলাম তারিক বলেন,
“আহত প্রবাসী ভাইয়ের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, মানুষের সেবাই সবচেয়ে বড় ইবাদত। তাই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যাব এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকব।”
আহত প্রবাসী ও তার পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য তরিকুল ইসলাম তারিক ও ডা. সাইফুল আলম বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য বিত্তবান ও মানবিক ব্যক্তিরাও অসহায় মানুষের পাশে এগিয়ে আসবেন।





