দেশকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তারেক রহমান; পরিবেশ রক্ষায় আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান

স্টাফ রিপোর্টার | ১৩ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বরিশাল: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেছেন, দেশের পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীর সরিকল-বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশটাকে সুন্দর ও নিরাপদ, বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে মিলে চেষ্টা করতে হবে। আমরা যদি নিজের ঘর এবং দেশকে নিজেরা পরিষ্কার না রাখি, তাহলে এই দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে না। বাইরে থেকে কেউ এসে আমাদের দেশকে পরিষ্কার করে দিয়ে যাবে না।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেখানে-সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বিশেষ করে ব্যবহৃত পানির বোতল, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যত্রতত্র না ফেলার আহ্বান জানান তিনি।

নিজের অভ্যাসের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ব্যবহৃত টিস্যু তিনি কখনো রাস্তায় বা খোলা জায়গায় ফেলেন না; বরং পকেটে রেখে পরে ডাস্টবিনে ফেলেন। ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে তুলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে খালের পানিতে ভাসমান দুটি প্লাস্টিকের বোতল দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েকজন মানুষ পরিষ্কার রাখলেও যদি বাকিরা পরিবেশ নোংরা করেন, তাহলে একটি দেশ কখনোই পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তাই সবাইকে সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।

তিনি বলেন, বাজার, দোকানপাট ও জনসমাগমস্থলে ছড়িয়ে থাকা আবর্জনা শুধু পরিবেশের সৌন্দর্য নষ্ট করে না, বরং দূষণ বাড়িয়ে জনস্বাস্থ্যেরও ক্ষতি করে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখাও জাতীয় দায়িত্ব।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।