দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা

স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেন।

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব ছাদেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ ধর্মীয় ও প্রশাসনিক ব্যক্তিরা সভায় অংশ নেন।