স্টাফ রিপোর্টার, ১২ই ডিসেম্বর ২০২৫,নিউজ চ্যানেল বিডি,
ডার্ক ওয়েব ও সোশ্যাল মিডিয়া নজরদারিতে উন্মোচিত নতুন সিনথেটিক মাদক মার্কেট—৩৪০ মিলি MDMB, ভেপ ডিভাইস, চকলেটসহ বিপুল আলামত উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দেশে প্রথমবারের মতো গোপনে ভেপ ও e–cigarette কার্টিজে ব্যবহৃত ভয়ংকর তরল সিনথেটিক মাদক MDMB (MDMB-PINACA) জব্দ করেছে। মালয়েশিয়া থেকে চোরাই পথে আনা এই নতুন প্রকারের মাদক সরবরাহকারী চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি জানায়, তরুণদের মধ্যে e-cigarettes এবং vaporizers ব্যবহারের হার বেড়ে যাওয়ায় অপরাধীরা এসব ডিভাইসের কার্টিজে New Psychoactive Substance (NPS), opioids এবং MDMB জাতীয় বিপজ্জনক মাদক গোপনে মেশানো শুরু করে। বিষয়টি শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা INCB-এর Operation e-vapor8 কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশেও অনলাইন, অফলাইন ও ডার্ক ওয়েব নজরদারি জোরদার করে ডিএনসি গোয়েন্দা টিম।

গ্রেপ্তারকৃতরা
- খন্দকার তৌকিরুল কবির তামিম (২৬)
- মেহেদী হাসান রাকিব (২৬)
- মো. মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস (২৭)
- মো. আশরাফুল ইসলাম (২৫)
গোয়েন্দা নজরদারিতে প্রথমে শনাক্ত হয় তামিম—যিনি ভেপ ব্যবহারকারীদের কাছে MDMB সরবরাহ করতেন। ১০ ডিসেম্বর মিরপুরের পল্লবী এলাকা থেকে ২০ মিলি MDMBসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার ডিজিটাল তথ্য বিশ্লেষণে গ্রেপ্তার করা হয় দ্বিতীয় সদস্য মেহেদী হাসান রাকিবকে, যার কাছ থেকে উদ্ধার হয় আরও ১০ মিলি MDMB।
এ দুইজনের তথ্যের ভিত্তিতে চক্রের দুই মূলহোতা আশরাফ ও সাহস–কে গ্রেপ্তার করা হয়। তাদের বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—

- ৩১০ মিলিলিটার MDMB-PINACA (৫ কন্টেইনার)
- CBD–যুক্ত গাঁজার চকলেট
- ৫টি ভেপ ডিভাইস
- MDMB ব্যবহারের E-liquid
- বিক্রির জন্য প্রস্তুত খালি ক্যানিস্টার
ডিজিটাল “অদৃশ্য বাজার”
চক্রটি Facebook-এর ক্লোজড গ্রুপ, ভুয়া পেজ, ভুয়া প্রোফাইল এবং WhatsApp এনক্রিপ্টেড চ্যাট ব্যবহার করে “অদৃশ্য ডিজিটাল মার্কেট” তৈরি করেছিল। গোপন সংকেত, ইমোজি, কোডওয়ার্ড, লাইভ-লোকেশন শেয়ারসহ বিভিন্ন কৌশলে লেনদেন হতো—যা সাধারণ ব্যবহারকারীরা বুঝতেই পারত না।
গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আশরাফ নিয়মিত মালয়েশিয়া ভ্রমণ করত এবং সেখান থেকে MDMB সংগ্রহ করে দেশে সরবরাহ করত। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় একটি বিশেষ MDMB মার্কেট তৈরির চেষ্টা করছিল।
MDMB—এক ফোঁটাই প্রাণঘাতী
ভেপ লিকুইডের সঙ্গে মাত্র ১–২ ফোঁটা MDMB মেশানো হয়। এটি সৃষ্ট করতে পারে—
- স্নায়ুতন্ত্র বিপর্যস্ত
- হ্যালুসিনেশন
- আক্রমণাত্মক আচরণ
- অস্বাভাবিক হৃদস্পন্দন
- তীব্র জীবনঝুঁকি
সাধারণ ফ্লেভারড লিকুইডের মতো দেখতে হওয়ায় এটি শনাক্ত করাও অত্যন্ত কঠিন।
আইনি ব্যবস্থা
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।
ডিএনসির অবস্থান
vape ও e-cigarette–এর মাধ্যমে নতুন ধরনের সিনথেটিক মাদক ছড়িয়ে পড়া রোধে রাজধানীর ভেপ শপগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।





