স্টাফ রিপোর্টার | ১৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তারেক রহমান বলেছেন, “আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।”
শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশ মঞ্চে ওঠার সময় খালের দুই পাশে জড়ো হওয়া কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক স্লোগান ও করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।”
খোর্দ্দ খাল পুনঃখননের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন এই খাল খননের কাজ। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি— দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।”
তিনি আরও বলেন, “আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে, আমি তাকে সাহায্য করি। এই খাল খনন না করলে কৃষক ভাইয়েরা পানি পাবে না। ঠিক একইভাবে আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশকে পৃথিবীর বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নির্বাচনের আগে জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব।”
বিএনপির শক্তির উৎস জনগণ— উল্লেখ করে তারেক রহমান বলেন, “জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, ততক্ষণ আমাদের দেশ গড়ার কাজ চলতে থাকবে।”
দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই খাল কাটা অনুষ্ঠানে আমাদের শপথ হোক— আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ।”
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, “আপনারা আছেন নাকি আমার সঙ্গে দেশ গড়ার কাজে?” জবাবে জনতা হাত নেড়ে সমর্থন জানালে প্রধানমন্ত্রী বলেন, “আলহামদুলিল্লাহ।”
এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী খোর্দ্দ খাল পুনঃখননস্থলে পৌঁছে ফলক উন্মোচনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন এবং বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া এবং সহসভাপতি আবু ইউসুফ রুপম।
উল্লেখ্য, ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খোর্দ্দ খালটি খনন করেছিলেন। প্রায় ৪৮ বছর পর তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন।





