স্টাফ রিপোর্টার | ২১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্পন্ন হবে, বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা তত বেশি ফিরে আসবে।
রাজধানীর পল্লবী-তে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার-কে নৃশংসভাবে হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “দ্রুত বিচার প্রাপ্তি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। আমি মনে করি, এ রকম একটি নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, বিচার ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা তত ফিরে আসবে।”
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যেই এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যেই এই মামলার বিচার করা সম্ভব।”





