স্টাফ রিপোর্টার, ০৭ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে “দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক” অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মের নাম ব্যবহার করে দেশে বিভাজনের পথ তৈরি করতে চাইছে, যা বাংলাদেশের সংস্কৃতি, রাষ্ট্রবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ধর্মভীরু, আমরা সবাই ধর্ম মানি। কিন্তু ধর্মকে রাষ্ট্র ও সমাজ বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার—এটা আমরা বিশ্বাস করি না। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ভিত্তিই ছিল সকলের বাংলাদেশ।”
ফখরুল আরও বলেন, বিএনপির নতুন স্লোগান “সবার আগে বাংলাদেশ” আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্রদলকে ভ্যানগার্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আজকের প্রতিবন্ধকতাকে দূর করে অপপ্রয়াসকে পরাজিত করে বাংলাদেশী জাতীয়তাবাদী দলকে সামনে এগিয়ে নিতে হবে। আর সেই সামনের সারিতে থাকবে ছাত্রদল।”
৩১ দফা কর্মসূচি সবার কাছে পৌঁছাতে না পারার আক্ষেপ
বিএনপি মহাসচিব বলেন, যদিও দল ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা এখনো প্রত্যন্ত জনগণের কাছে যথাযথভাবে পৌঁছায়নি। তিনি ছাত্রনেতাদের উদ্দেশে বলেন,
“শুনে চলে গেলে হবে না—এটাকে তোমাদের নিজ এলাকায় মানুষের মধ্যে ছড়িয়ে দিতে না পারলে কোনো কাজে আসবে না।”
তিনি উল্লেখ করেন যে কর্মসূচিতে থাকা ফ্যামিলি কার্ড, বিশেষ করে নারীদের জন্য একটি আকর্ষণীয় উদ্যোগ হিসেবে কাজ করবে। এতে তারা দৈনন্দিন বিভিন্ন সমস্যায় সুবিধা পাবেন। কৃষকদের জন্য প্রস্তাবিত ফার্ম হাউস কার্ড তাদের উৎপাদন ও সংক্রান্ত সমস্যার সমাধানে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম বাড়ানোর আহ্বান
ফখরুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উপস্থিতি যথেষ্ট নয়, যার কারণে অতীতের নির্বাচনগুলোতে প্রত্যাশা অনুযায়ী ফল আসেনি।
“শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের আরও সক্রিয় হতে হবে,”—বলেই ছাত্রদলকে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বিএনপির দেশ গড়ার কর্মপরিকল্পনার শুভ উদ্বোধন ঘোষণা করেন।





