স্টাফ রিপোর্টার | ০২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকাল ৫টায় সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ শিশু-কিশোরদের উপস্থিতিতে একটি লাল বাটন চাপ দিয়ে ট্রফি ও লোগো উন্মোচনের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।
এ সময় দেশের বিভিন্ন জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে সারা দেশের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা হবে। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী এই কর্মসূচি বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর, আর এর তত্ত্বাবধানে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।





