নতুন সংসদ দেখে জাতি আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপ

স্টাফ রিপোর্টার, ০৭ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটাই আশ্বস্ত হবে বলে তিনি আশা করেন। তার মতে, এমন একটি সংসদই দেশের মানুষ দেখতে চেয়েছিল।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সংসদে যেসব নেতিবাচকতা তৈরি হয়েছিল, সেগুলো মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হবে।

তিনি জানান, কর্মশালায় সংসদের রুলস অব প্রসিডিউর, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অব ইন্টারেস্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংসদের রীতিনীতি, রেওয়াজ ও পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে, যাতে সংসদ সদস্যরা এসব বিষয়ে ভালোভাবে অবগত হতে পারেন।

তিনি আরও বলেন, সংবিধান, সংসদের কার্যপ্রণালী বিধি এবং হাউসের কাস্টমস কনভেনশন নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রমের উদাহরণও তুলে ধরা হয়েছে।

নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তিনি বলেন, “একটি শিশু যেমন জন্মের পর নতুন সংস্কৃতি শিখে বড় হয়, ঠিক তেমনি নবীন সংসদ সদস্যদেরও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতিতে গড়ে তোলার চেষ্টা করছি।”

সালাহউদ্দিন আহমদ জানান, জনগণের প্রত্যাশা পূরণে নতুন সংসদ সদস্যদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান এবং সংসদীয় আচরণ সম্পর্কে ধারণা দিতে দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার এর শেষ দিনের কার্যক্রম চলছে।

বিএনপি জানিয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।