স্টাফ রিপোর্টার |
জনপ্রতিনিধিদের জবাবদিহি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পেলে এমপি, মেয়র ও কাউন্সিলরদের বছরে চারবার নদীর পানিতে গোসল করানো হবে, যাতে তারা নদীকে মুক্তার মতো পরিষ্কার রাখতে বাধ্য হন।
ডক্টর শফিকুর রহমান বলেন, যে জনপ্রতিনিধি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাকে বরখাস্ত করা হবে। সমাজকে অসুস্থ রেখে মাতব্বরি বা নেতাগিরি চলতে পারে না। সমাজের দায়িত্ব যিনি চৌকিদারের মতো পালন করতে পারবেন, সম্মানের চাবি তার হাতেই তুলে দেওয়া হবে।
নির্বাচনের সময় ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, পাঁচ বছরে একবার নির্বাচন এলেই টুপি পরা, তসবিহ হাতে নেওয়া, কবর জিয়ারত—এসব লোক দেখানো আচরণ বাদ দিতে হবে। আল্লাহভীতি বা ধর্মীয় মূল্যবোধ সারাবছরের আচরণে থাকতে হবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে সবাইকে সতর্ক করে জামায়াত আমির বলেন, আজকের যুগে খুব সাবধান থাকতে হবে। আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যেতে পারে, আপনি জানতেও পারবেন না।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক পক্ষকে যুক্তির মাধ্যমে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যেতে হবে। কেউ যেন কথায় বা কাজে গায়ের জোর দেখানোর চেষ্টা না করেন।





