কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের দায়ে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা ১৯টি মাছ ধরার ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা, যারা মাছ ধরার ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে পুরো সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। নাফ নদের শূন্যরেখা অতিক্রম করলে জেলেদের আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এজন্য অভিযান চালিয়ে ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত আনা হয়েছে।
তিনি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা রয়েছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
তবে স্থানীয় জেলেদের দাবি, তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম করেননি। ট্রলার মালিক সমিতি ও বিজিবি সূত্রে জানা গেছে, গত আট মাসে নাফ নদ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩০০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও এখনো শতাধিক জেলে তাদের হেফাজতে রয়েছে।





