স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নবনির্মিত নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ১৫ তলা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। এর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও ২০০ শয্যা বাড়ানো হয়।
এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির চিকিৎসাসেবা ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল।





