নির্বাচন পর্যবেক্ষণে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান সিইসির

পর্যবেক্ষকদের সত্যনিষ্ঠ রিপোর্টই নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে—এএমএম নাসির উদ্দিন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৫ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
নির্বাচন পর্যবেক্ষণের সময় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত সকলকে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, মাঠপর্যায়ে যারা কাজ করবেন, তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করেন এবং নিজেদের সাথে কাজ করা ব্যক্তিদেরও একই নির্দেশনা দিয়ে দেন। জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সিইসি এ আহ্বান জানান।
তিনি বলেন, “স্বচ্ছতার সঙ্গে সবাই রিপোর্ট করবেন। নির্বাচনে কমিশনের নিজস্ব সুপারভাইজারি ও অফিশিয়াল মেকানিজম থাকবে। কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা নির্বাচনকে দেখতে চাই। আচরণবিধি ও আইন সঠিকভাবে পালন হচ্ছে কিনা, সেই বিষয়ে আপনারা আমাদের জানাবেন।”
পর্যবেক্ষকদের নিজ দায়িত্বে দলীয় প্রচারণা বা প্রভাব বিস্তার থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে সিইসি বলেন, “আপনাদের দায়িত্ব হলো পর্যবেক্ষণ করা—নির্বাচনে হস্তক্ষেপ করা নয়।”
তিনি আরও বলেন, নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষকদের সহযোগিতা প্রয়োজন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চাই কমিশন। নির্বাচনের প্রতিটি ধাপে পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে—প্রচারকালীন পরিস্থিতি, কেন্দ্র ব্যবস্থাপনা, প্রিজাইডিং অফিসার ও পুলিশের দায়িত্ব, ভোটারদের বাধা—সবকিছুর রিপোর্ট দিতে হবে শতভাগ সত্যতা নিশ্চিত করে।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় যদি কোথাও ত্রুটি বা বিচ্যুতি থাকে, সেগুলোও সংশোধন করা হবে। পর্যবেক্ষকরা এ বিষয়ে পরামর্শ দিতে পারবেন।
সংলাপে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।