স্টাফ রিপোর্টার | ০৯ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে সরকার ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদেরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত।
তিনি বলেন, নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আত্মীয়স্বজনদের বাড়ির আশপাশে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকেই ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে।
প্রধানমন্ত্রী জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ উপলক্ষে একে অপরকে গাছের চারা উপহার দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এভাবে গাছের চারা উপহার দেওয়ার একটি সামাজিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।
বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানিডেলের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগের অংশ হিসেবে বুধবার সানিডেলের শিক্ষার্থীরা সংসদ ভবনে আসে।
সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের পড়াশোনা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় শিক্ষার্থীদের করণীয় নিয়েও কথা বলেন।
পরিচ্ছন্ন দেশ গড়তে সচেতনতার আহ্বান
বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা বিদেশে গেছেন তারা নিশ্চয়ই সেখানকার পরিচ্ছন্ন পরিবেশ দেখেছেন। বাংলাদেশকেও পরিচ্ছন্ন রাখতে দেশের মানুষকেই দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখতে হবে। বন্ধু কিংবা স্বজনদের কেউ পরিবেশ নোংরা করলে বা রাস্তায় ময়লা ফেললে তাদের এ ধরনের কাজ থেকে নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি।
লন্ডনে বসবাসের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানকার নাগরিকরাই নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। আমরা যদি নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো দেশকেও পরিচ্ছন্ন রাখা সম্ভব।
তিনি বলেন, ‘পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তাই আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের এসব কাজে অংশ নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ দেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় তারা দেশের ইতিবাচক পরিবর্তন এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
আগামীর নেতৃত্ব গড়ে তুলতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার অংশ হিসেবে শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে বুধবার সানিডেলের ১২৪ জন শিক্ষার্থী সংসদে আসে। এ সময় তাদের সঙ্গে ছিলেন ১৪ জন শিক্ষক।





