স্টাফ রিপোর্টার | ৯ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া সভ্যতা পূর্ণতা পায় না। নারীদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সক্ষমতাকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন।
আজ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকার প্রশংসা
রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী নারী সংগঠন। নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে সংগঠনটি সবসময় প্রতিবাদ করেছে।
তিনি বলেন, নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীন মত প্রকাশের কারণে যেসব নারী বিভিন্ন সময় হয়রানি ও গ্রেপ্তারের শিকার হয়েছেন, তাদের পরিবারের পাশেও জাতীয়তাবাদী মহিলা দল দাঁড়িয়েছে।
রিজভী বলেন, অতীতে খাদিজা, নুসরাতসহ অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে প্রতিবাদ করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, নারীদের অগ্রগতি ও উন্নয়নের জন্য তাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এই দর্শনকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। সেই আদর্শ ধারণ করেই সংগঠনটি এগিয়ে যাচ্ছে।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, গ্যাস ও জ্বালানি সংকট আন্তর্জাতিক ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাবের ফল। বৈশ্বিক সংঘাত এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরন্তর কাজ করছেন। কুয়েত, মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে গ্যাসবাহী কার্গো আসতে শুরু করেছে।
মহেশখালীর গভীর সমুদ্রের গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সমস্যা সমাধানের পর ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে।
সংকট মোকাবিলায় প্রয়োজনে আরও ভর্তুকি দিয়ে গ্যাস আমদানি করা হবে বলেও জানান তিনি। এ জন্য অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন রিজভী।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ
দ্রব্যমূল্য প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মানুষের আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার বাজারে হস্তক্ষেপ করছে।
তিনি বলেন, বর্ষা শেষে সাধারণত বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা গেলেও সরকারের কঠোর নজরদারি ও পদক্ষেপের কারণে প্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে আগস্ট মাসে মূল্যস্ফীতিও কমেছে।
সামাজিক সুরক্ষা ও শিক্ষা সম্প্রসারণে উদ্যোগ
রুহুল কবির রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার সামাজিক সুরক্ষা, উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষা ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি বিএ ও বিএ অনার্স পর্যন্ত অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন।
এসব উদ্যোগের মাধ্যমে বিশেষ করে নারীদের শিক্ষা ও ক্ষমতায়ন আরও নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারীর ওপর হামলার ঘটনায় নিন্দা
সম্প্রতি গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা এক নারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, নারীর ওপর আঘাত করা অত্যন্ত নিকৃষ্ট কাজ।
তিনি বলেন, যারা নারীদের ওপর হামলা চালায় কিংবা এ ধরনের ঘটনায় উল্লাস প্রকাশ করে, তারা কাপুরুষ। বিএনপি সবসময় নারীদের সম্মান, নিরাপত্তা ও অগ্রগতির জন্য কাজ করে যাবে।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, বিএনপি নারীদের সম্মান দেওয়া এবং তাদের সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে।





