স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ০২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কতিপয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির ওপর ন্যক্কারজনক সশস্ত্র হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হামলাকারীদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ইতোমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন—
১) ফয়সল করিম মাসুদ
২) মোঃ আলমগীর শেখ
তদন্তে জানা যায়, সন্দেহভাজনরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও শনাক্ত সন্দেহভাজনদের গ্রেফতারে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, সন্দেহভাজনরা যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে সহায়তাকারী তথ্যদাতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
এদিকে, শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে ডিএমপি। গ্রেফতারকৃতরা হলেন—
১) সিবিয়ন দিও
২) সঞ্জয় চিসিম
এছাড়া র্যাব কর্তৃক সন্দেহভাজন মোঃ আব্দুল হান্নান নামের আরও একজনকে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।





