পল্টনে জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান হামলার শিকার

আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদ কার্যালয় থেকে বৈঠক শেষে বের হওয়ার…

আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদ কার্যালয় থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি খন্দকার লুৎফর রহমান।

ঘটনাস্থল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। তাৎক্ষণিকভাবে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।

এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, “এ ধরনের হামলা আমরা এক গভীর চক্রান্ত হিসেবে দেখছি। এটি আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হতে পারে।”

ফখরুল বলেন, সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, “সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করবে।”