স্টাফ রিপোর্টার, ২ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসসহ যেকোনো ধরনের অনিয়ম রুখতে কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের দুর্ভোগ কমানো এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে ওই এলাকার নাগরিকরা চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।
এ বিষয়ে আমিনুল হক বলেন, তার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখাই প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না। হটলাইনের মাধ্যমে তিনি সরাসরি জনগণের সমস্যাগুলো তদারকি করতে চান।
প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তাদের আশা, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থাকায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে।





