স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। একইসঙ্গে নগদ লেনদেন এড়িয়ে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।
রোববার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি জানান, জাল টাকা প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন এবং পশুর হাটে কন্ট্রোল রুম বসানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
গবাদিপশু নিরাপদে হাটে আনা-নেওয়া নিশ্চিত করতে র্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় জোরদার টহল পরিচালনা করছে বলেও জানান তিনি।
মো. আহসান হাবীব পলাশ বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ার সুযোগে অপরাধীরা যাতে পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করতে না পারে, সেজন্য নিরাপত্তা চৌকির সংখ্যা ও টহল বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন র্যাব মহাপরিচালক।





