স্টাফ রিপোর্টার | ২৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড (এএডব্লিউসি)-এর জেনারেল সেক্রেটারি হা সাং জে-এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, পানি সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশসহ অনেক দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সংকট আরও গুরুতর আকার ধারণ করেছে।
তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।
সাক্ষাৎকালে হা সাং জে বৈশ্বিক পানি সংকট সমাধানে এএডব্লিউসি’র কার্যক্রমে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য এএডব্লিউসি’র বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।
স্পিকার ২০১৯ সাল থেকে আইনি কাঠামোর মাধ্যমে পানি সমস্যা সমাধানে এএডব্লিউসি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার জন্য সংগঠনটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ক আইন প্রণয়ন ও নীতিগত সহযোগিতা জোরদারে এএডব্লিউসি যে উদ্যোগ নিয়েছে, তাতে বাংলাদেশের সংসদ সদস্যদের সম্পৃক্ত হওয়ার বিষয়ে তিনি সুপারিশ করবেন।
এছাড়া লাওসে অনুষ্ঠেয় এএডব্লিউসি’র পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলেও প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন স্পিকার।
উল্লেখ্য, এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে আইনি ও নীতিগত সহযোগিতা জোরদারে কাজ করে।
সাক্ষাৎকালে কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।





