পিরোজপুরের সড়ক দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, দুর্নীতির অভিযোগও উঠে এলো বৈঠকে

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৫ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৫ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা সড়কগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনার ওপর তিনি জোর দেন।

পিরোজপুরের সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা জানান।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জেলার এলজিইডি প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। আলোচনায় উঠে আসে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে এসব প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। কয়েকটি প্রকল্পে তৎকালীন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ও আলোচিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।