স্টাফ রিপোর্টার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। অতীতে পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হবে।
দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি। এজন্য সবার জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, বিভিন্ন বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মব কালচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তবে যৌক্তিক দাবির ক্ষেত্রে মিছিল, সমাবেশ বা স্মারকলিপি প্রদান করা যাবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। নতুন সরকারের প্রথম কার্যদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে সালাহউদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।





