পূর্ব শত্রুতার জেরে লালবাগে যুবক খুন, কেরানীগঞ্জ থেকে ঘাতক গ্রেফতার

পরিকল্পিতভাবে সুইচ গিয়ার ছুরিকাঘাতে হত্যা; ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে খুনের ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আবির (২৫)। নিহত যুবকের নাম মোঃ হোসেন (২৪)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ হোসেন ও ঘাতক আবির পূর্ব থেকেই পরিচিত ছিল। সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে লালবাগ থানাধীন তালারপাড় এলাকায় তাদের মধ্যে একটি বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। পরে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করলে মোঃ হোসেন সে মীমাংসনায় সন্তুষ্ট হয়ে বাসায় ফিরে যায়।
কিন্তু স্থানীয়ভাবে মীমাংসা হলেও ঘাতক আবির ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ওপর রাগ পোষণ করতে থাকে এবং তাকে হত্যার পরিকল্পনা করে বলে জানায় পুলিশ।
হত্যা পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে মোঃ হোসেন তার কর্মস্থল হাজী মোঃ বিল্লাল মিয়ার ইমিটেশনের কারখানা থেকে দুপুরের খাবারের জন্য বাসায় ফিরছিলেন। এ সময় লালবাগ থানাধীন শহিদনগর ২নং গলি সংলগ্ন জনৈক দুলালের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আবির হাতে থাকা সুইচ গিয়ার ছুরি দিয়ে হোসেনের পিঠে আঘাত করে।
ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়লে আবির পুনরায় তার বুকে, পেটে এবং বাম হাতের কনুইয়ে এলোপাতাড়ি আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে ভিকটিমের পেট ফেটে নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকেন। উপস্থিত লোকজন এগিয়ে এলে আবির দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোঃ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা শাহ আলম বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর লালবাগ বিভাগের একটি আভিযানিক দল বুধবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে ঘাতক মোঃ আবিরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।