স্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইনজীবী ও নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বৈঠকে আসন্ন নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটের পরিবেশ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে বিএনপি প্রতিনিধিরা বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সাংবিধানিক দায়িত্ব নিরপেক্ষভাবে পালনের বিষয়ে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন।





