স্টাফ রিপোর্টার | ১৫জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালেটের যথাযথ ব্যবহার ও প্রেরণ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য Election Commission এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি জানিয়েছেন, “দেশের অভ্যন্তরে সবচাইতে বেশি ব্যবহৃত হবে পোস্টাল ব্যালেট। এজন্য আমরা সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি—নির্বাচনী এলাকার সমস্ত প্রার্থীর নাম এবং মার্কা দিয়ে যে সাধারণ ব্যালেট হয়, সেই একই ব্যালেট সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালেট হিসেবে ব্যবহার করা হোক। সমস্ত ব্যালেট আলাদাভাবে পাঠানো সম্ভব নয়।”
সালাউদ্দিন আহমেদ বলেন, “প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালেটের ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে, এক জায়গায় একেকটি বাসায় ২০০–৩০০ ব্যালেট পৌঁছেছে, কোথাও জব্দ হচ্ছে, কোথাও অনিয়ম হচ্ছে। কখনো একজনের নাম্বার ব্যবহার করে অন্যের ব্যালেট গ্রহণ করা হচ্ছে। এ বিষয়গুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রবাসীদের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে কিভাবে ব্যালেট পাঠানো হয়েছে, ভোট গ্রহণ ও স্ক্যান প্রক্রিয়া কেমন হবে। এক জায়গায় দুই–তিনশো ব্যালেট পৌঁছালে তার ব্যাখ্যা কী হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে—এই সব বিষয় বিবেচনায় আনতে হবে।”
নির্বাচন আচরণবিধির বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, “ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে ভোটার যাতে প্রার্থীর নাম, প্রতীকসহ সহজে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে পুনর্বিবেচনা প্রয়োজন। বর্তমান আচরণবিধিতে কোনো পার্টির নাম, মার্কা বা প্রার্থীর ছবি দেয়া যায় না, যা ভোটারদের জন্য অসুবিধা সৃষ্টি করছে। Election Commission প্রয়োজন অনুযায়ী এ বিষয় পরিবর্তন করতে পারে।”
তিনি বলেন, “আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের জন্য সফর স্থগিত করেছেন। এটি কোনো রাজনৈতিক সফর বা নির্বাচনী প্রচারণার উদ্দেশ্য ছিল না। বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ও ভিডিওর কারণে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, তবে আমরা আশা করি Election Commission এগুলো এড্রেস করবেন।”




