স্টাফ রিপোর্টার | ১৪জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বর্তমানে তিনি কেবলমাত্র নিজ এলাকায় বসবাসকারী একজন মানুষ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে দেখা–সাক্ষাৎ ও কথাবার্তা বলছেন। এখনো নির্বাচন পরিচালনার কোনো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়নি।
তিনি বলেন, “আমি লক্ষ্য করছি—বেশ কিছু প্রার্থী ইতোমধ্যে রীতিমতো প্রচারণা চালাচ্ছেন। কিন্তু আমি সেই পথে যাচ্ছি না। আমি ভোট প্রার্থনা করছি না, ভোটও চাইছি না। যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে, তখন ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে আমাদের কার্যক্রম শুরু করব।”
ব্যালট পেপার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, “বিশ্বের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখছি, তাতে মনে হচ্ছে ব্যালট পেপারটি উদ্দেশ্যমূলকভাবে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সিল মারার পর বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”
এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “নির্বাচন কমিশনের উচিত বিষয়টি দ্রুত ও গুরুত্বের সঙ্গে দেখা। এটি সংশোধন না করে অন্য কোনো ব্যবস্থাপনায় যাওয়া ঠিক হবে না। আমি আশা করব কমিশন যেন কোনো পক্ষপাতমূলক অবস্থান তৈরি না হয়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।”
রাজনৈতিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, “মহব্বত বা চাপ প্রয়োগ করে রাজনীতি সব জায়গায় চলে না, ঢাকা শহরেও না। আল্লাহর রহমতে আমি হঠাৎ ভেসে আসা কেউ নই। এখানে যা ইচ্ছা তাই করে ফেলা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমি পাঁচ-ছয়বার নির্বাচনে অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছি। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোকে আমি বড় করে দেখি না। সাধারণত দুর্বল প্রার্থীরাই শক্ত প্রার্থীর বিরুদ্ধে কথা বলে। এসব বিষয় আমি খুব একটা গায়ে মাখছি না।”
এসব কথা তিনি গণমাধ্যমকর্মীদের জানান।





