বগুড়াকে ‘শিক্ষানগরী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর

আধুনিক ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা; কৃষক কার্ড বিতরণেও গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বগুড়াকে দেশের অন্যতম ‘শিক্ষানগরী’ ও ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে তোলা হবে।

মঙ্গলবার দুপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চবিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বগুড়াকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল জেলায় পরিণত করা হবে এবং আধুনিক ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এ সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও প্রণোদনা বৃদ্ধিতে সরকার কাজ করছে এবং উৎসব ভাতা শতভাগ করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার মাধ্যমে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটছে। এই কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য সহায়তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস হল নির্মাণের কথা জানান তিনি, যেখানে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা যাবে। এছাড়া অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

উল্লেখ্য, অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলায় প্রাক-পাইলটিং পর্যায়ে ৩ হাজার ১৪৭ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়।