স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বগুড়া: প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনসহ অনেকে।
প্রধানমন্ত্রী শিশুস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচিকে সরকারের অন্যতম সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে হবে।
জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারী-পুরুষ, শিশুদের অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিন সকাল ১০টার দিকে ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেন। একই দিনে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রমও উদ্বোধন করেন।





