স্টাফ রিপোর্টার, ২৯ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির ঈদের বর্জ্য এবং পূর্বের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেলে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদ-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট এলাকাগুলোতে বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে থাকার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। একই সঙ্গে রাজধানীর সব এলাকায় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।





