স্টাফ রিপোর্টার | ০৯ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে তাদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। পরে তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে জলাবদ্ধতার কারণে এসব এলাকার শত শত মানুষের ঘরবাড়ি, পুকুর, জলাশয় ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশে রওনা হন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে।





