স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা দেশের রয়েছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের প্রয়োজনীয় সম্পদ, মেধা, পরিকল্পনা ও সদিচ্ছা—সবই রয়েছে। এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগে কাজ করা।”
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একইভাবে খালেদা জিয়া শিক্ষা উন্নয়নে গভীর আগ্রহী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে কাজ চলছে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একসময় বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ছিল এবং ভবিষ্যতেও সেই অবস্থান ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
স্টেকহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তাদের মতামত ছাড়া টেকসই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ ও ট্রাস্টভিত্তিক পরিচালনা ব্যবস্থাও পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে চায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সভাপতি মো. সবুর খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান।




