বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মী নিতে আগ্রহী কাতার

ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতে বাংলাদেশি দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ

স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে দক্ষ কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার।

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী-র সঙ্গে বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশ-কাতার যৌথ কমিটির বৈঠকের শুরুতে কাতারের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গত কয়েক দশকে দুই দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্ক উল্লেখযোগ্যভাবে এগিয়েছে।

বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিতে কাতার সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে গভীর কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র জরুরি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে কাতারের আমির যে মানবিক উদ্যোগ নিয়েছেন, তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমানে কাতারে ৪ লাখের বেশি বাংলাদেশি কর্মী দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখছেন। ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরে এ সংখ্যা দ্বিগুণ হতে পারে।

তিনি আরও জানান, কাতারগামী কর্মীদের জন্য বর্তমানে ঢাকায় মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ কারণে দেশের ৮টি বিভাগীয় শহরে কাতারের ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য কাতারের শ্রমমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট ৫৫টি ট্রেডে মানসম্মত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক কাতারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে বাংলাদেশ থেকে দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন, খতিব ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।

এসময় কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের কর্মীদের দক্ষতার প্রশংসা করে জানান, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩০ শতাংশ উন্নয়ন খাতে এবং বাকিরা অন্যান্য পেশায় নিয়োজিত।

তিনি জানান, কাতারে অদক্ষ কর্মীদের দক্ষ করে তুলতে ইতোমধ্যে দুটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বিভাগীয় শহরে ভিসা সেন্টারের সংখ্যা বৃদ্ধির অনুরোধের বিষয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়টি বাস্তবায়নের জন্য তিনি ব্যক্তিগতভাবে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেয়ারা আলী মাহদি সাঈদ আল কাহতানি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।