বাংলাদেশে ব্যবসায় ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি করতে হবে: আমির খসরু

ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি এবং ব্যবসার সহজীকরণের ওপর জোর

স্টাফ রিপোর্টার ১৪ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

আমির খসরু দেশের ব্যবসায়ীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ব্যবসার পরিবেশ সহজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশে ব্যবসা করা কঠিন, এবং বিভিন্ন কারণে ব্যবসায়ীদের উপর আস্থা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু সীমিত ব্যবসায়ীর দুর্নীতির, পৃষ্ঠপোষকতার এবং অলিগার্কিক ব্যবসায়-রাজনীতির কারণে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকলে ব্যবসায়ীরা দেশের ভিতরে এবং বাইরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবেন।”

বাণিজ্য খাতে সহজীকরণের জন্য তিনি ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস এবং অন্যান্য ব্যুরোক্রেসি হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যত বেশি ব্যবসাকে সহজ করা যায় এবং খরচ কমানো যায়, ততই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। এজন্য আপনারা আপনার এসোসিয়েশন থেকে প্রস্তুত হোন, এবং আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন, তা দেশের ব্যবসার জন্য বড় সুবিধা হবে।”

তিনি একটি উদাহরণও দেন, “যখন আমি বাণিজ্যমন্ত্রী ছিলাম, গার্মেন্টসের ইউডি সার্টিফিকেট নিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতাম। তারা বলত, সার্টিফিকেট পেতে কিছু টাকা দিতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম, যদি আমরা সেলফ রেগুলেশন করি এবং সঠিক প্রক্রিয়া চালাই, তবে এটি অনেক সহজ হয়ে যাবে।”

বক্তব্যের শেষে আমির খসরু বাংলাদেশের ব্যবসায়ীদের অনুরোধ করেন যে তারা তাদের প্রতিষ্ঠান ও ব্যবসার জন্য প্রস্তুতি নিন, ক্যাপাসিটি বিল্ডিং করুন এবং দেশের অর্থনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করুন।