বাংলাদেশ-চীনের মধ্যে গণমাধ্যম খাতে ৪ সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ ও তথ্য বিনিময়, আধুনিক প্রযুক্তি এবং সম্প্রচার সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার | ২৫ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বেইজিং: বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিগুলোতে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। চীনের পক্ষে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’ এবং ‘চায়না মিডিয়া গ্রুপ’ (সিএমজি)-এর প্রধানরা স্বাক্ষর করেন।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির পারস্পরিক ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সরকারি সফরে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী আগামী ২৬ জুন রাতে প্রতিনিধি দলসহ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।