বাগেরহাট, রোববার, ২৪ আগস্ট ২০২৫: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আজ রোববার সকাল থেকে জেলাজুড়ে সড়ক অবরোধ ও হরতাল চলছে। এতে জেলার ভেতর ও বাইরের সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।
সকাল আটটা থেকে খুলনা-বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, কুদির বটতলা, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ অন্তত ১০টি স্থানে গাড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

অবরোধের কারণে বাগেরহাটের সঙ্গে খুলনা, সাতক্ষীরা, ঢাকা, বরিশালসহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যসচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, “বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে আমরা গেল ৩০ জুলাই তিনটি আসনের প্রস্তাব দেওয়ার পর থেকেই আন্দোলন করে আসছি। কখনো সংবাদ সম্মেলন, কখনো রাজপথ অবরোধ, কখনো নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপরও নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে সরে আসেনি।”

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, নির্বাহী কমিটির সদস্য এড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, এড. অদুদ, রাহাদ, মনিরুল ইসলাম মনি, খাদেম নেয়ামুল নাসির আলাপ, ফকির তারেক প্রমুখ।
#বাগেরহাট #হরতাল #অবরোধ #সংসদীয়আসন #নির্বাচনকমিশন #জামায়াত #সর্বদলীয়_সম্মিলিতকমিটি #সড়কঅবরোধ #বাংলাদেশ #বাগেরহাট_সদর





