বাগেরহাটে বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আজাদ রুহুল আমিন বিশেষ প্রতিনিধি ২২ জুন ২০২৬, নিউজ চ্যানেলবিডি।

বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সরদার জাহিদ হোসেনের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে কচুয়া উপজেলা বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে কচুয়া জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য আলহাজ ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা মঈন উদ্দিন, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা আব্দুল গাফফার, সরদার রেজাউল ইসলাম, সাবেক শিক্ষক শেখ আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা নিত্য রঞ্জন ঘোষ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, গজালিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিয়াজ, যুবদলের আহ্বায়ক অলিউর রসূল অলি, এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, কৃষক দলের আহ্বায়ক আল আমিন মুক্তি এবং মহিলা দল নেত্রী আজমিরাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরদার জাহিদ হোসেন একজন জনদরদী সমাজসেবক এবং কচুয়া উপজেলা বিএনপির নিবেদিতপ্রাণ সংগঠক। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল দীর্ঘদিন ধরে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, সরদার জাহিদের বিরুদ্ধে ছড়ানো বানোয়াট তথ্যের উদ্দেশ্য হচ্ছে দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। তারা বলেন, কচুয়ার জনগণ এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে এবং যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে।

সমাবেশ থেকে অবিলম্বে অপপ্রচার ও ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কচুয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের হাজারো নেতাকর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন।