বাবা-মায়ের কবরে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার | ১ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি দুই নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারপার্সনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও দলীয় নেতারা।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ও নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়ার পর সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। এ সময় নেতাকর্মীরা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগানে জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

পাঁচ দিনব্যাপী কর্মসূচি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা।

দুই দশক পর রাষ্ট্র পরিচালনায় বিএনপি

এবার বিএনপি এমন সময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন প্রায় দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে দলটি। আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের ছেলে তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বের দায়িত্ব নেন তারেক রহমান। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।