বিনোদন ডেস্ক | ২২ অক্টোবর ২০২৫, বুধবার | নিউজ চ্যানেল বিডি
রকস্টার নগরবাউল জেমসের কণ্ঠে এবার অন্য রকম সুর—পিতৃত্বের আনন্দ। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস বলেন,
“বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।”
২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামিয়ার নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত হয়—নামিয়া আনাম। চলতি বছরের জুনে তাঁদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান, নাম রাখা হয়েছে জিবরান আনাম।
২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদের পর এক দশক একাই কাটিয়েছেন জেমস। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়।
পরিচয়ের এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
২০২৫ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে দিবাগত রাত সাড়ে তিনটায় জন্ম হয় তাঁদের প্রথম সন্তান জিবরানের। জন্মের সময় জেমস নিজেও হাসপাতালে উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর নবজাতককে নিয়ে দেশে ফেরেন তাঁরা।
জেমসের তৃতীয় স্ত্রী নামিয়া আনাম জন্মসূত্রে মার্কিন নাগরিক। তিনি জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় হাসতে হাসতে জেমস বলেন,
“এ অনুভূতি কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।”
এর আগে ব্যক্তিজীবনে জেমস দুইবার বিয়ে করেছেন।
প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি—১৯৯১ সালে তাঁদের বিয়ে এবং ২০০৩ সালে বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী ছিলেন বেনজীর সাজ্জাদ, যাঁর সঙ্গে জেমসের বিয়ে হয়েছিল যুক্তরাষ্ট্রে। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।
প্রথম সংসারে জেমসের একটি পুত্র ও একটি কন্যা সন্তান এবং দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।





