বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কৃষিতে উৎপাদন বাড়বে, উপকৃত হবেন লাখো কৃষক; খালের দুই পাশে বৃক্ষরোপণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার | ০২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। শনিবার বেলা ১টা ২০ মিনিটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির সূচনা করেন।

বাসিয়া নদী-এর এই খালটি সুরমা নদীর সঙ্গে সংযুক্ত এবং সিলেট শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুর ইউনিয়নে অবস্থিত।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, এই খালটি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন, যা সময়ের সঙ্গে বন্ধ হয়ে গেছে। এখন তা পুনরায় খনন করা হচ্ছে।

তিনি জানান, খালটি পুনঃখনন করা হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন। এতে প্রায় ৭ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু এই খাল নয়—সারা দেশে এ ধরনের খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের প্রায় ৬০টি স্থানে খাল খনন কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, প্রায় ২৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে, যা সম্পন্ন করতে দুইটি শুকনো মৌসুম লাগবে। চলতি বর্ষা মৌসুমের পর আগামী নভেম্বর থেকে আবার কাজ শুরু হবে।

খালের দুই পাশে ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এতে পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জন্য বসার ও ফলভোগের সুযোগ সৃষ্টি হবে।

কৃষকদের সহায়তায় সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ঋণ, সার-বীজ ও কীটনাশকসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া বছরে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে।

সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এই সরকারের একমাত্র জবাবদিহিতা জনগণের কাছে। মানুষের সমস্যা সমাধান করাই আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, বন্ধ কলকারখানা চালু এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতেও সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুরমা ও কুশিয়ারা নদীর সংযোগকারী বাসিয়া নদী দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় অবস্থায় ছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এই পুনঃখনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।