স্টাফ রিপোর্টার, ১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
সাবেক অর্থমন্ত্রী শাহ এমএএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ইতিহাস মূলত বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ইতিহাস। দুই দফায় স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারে বিএনপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
রেজা কিবরিয়া জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক আদর্শের মূল উৎস। জিয়ার সাহস, সততা ও মানবিক চরিত্র নিয়ে দেশের সাধারণ মানুষের এখনো গল্প করা—তার মহানুভবতার প্রমাণ। তিনি বলেন, বিএনপির বর্তমান নেতৃত্ব, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক প্রজ্ঞা ভবিষ্যতে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
তারেক রহমানের বিদেশে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, একদিকে এটি দুঃখজনক হলেও অন্যদিকে দেশের জন্য লাভজনক, কারণ বিদেশে থেকে তিনি আধুনিক প্রশাসনিক কাঠামো, নীতি ও উন্নয়নের অভিজ্ঞতা অর্জন করছেন, যা দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
রেজা কিবরিয়া দাবি করেন, বাংলাদেশের মানুষের গুণগতমান বিশ্বমানের, এবং সুযোগ পেলে এদেশ এশিয়ার শীর্ষ তিন উন্নত দেশের কাতারে যেতে পারে। প্রায় ৪০ বছর ৩৫টি দেশে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, বাংলাদেশের মানুষের প্রতিভা ও যোগ্যতা অত্যন্ত উচ্চমানের।
তিনি জানান, বাহুবল–নবীগঞ্জ এলাকায় কাজ করার সুযোগ পেলে তিনি সেখানকার মানুষের জন্য কাজ করতে চান। পাশাপাশি জাতীয় পর্যায়ে দলের যে কোনো দায়িত্ব গ্রহণে তিনি প্রস্তুত। লাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে শুধুমাত্র দেশের মানুষের জন্য কাজ করতেই তিনি রাজনীতিতে এসেছেন বলে জানান।
বক্তৃতার শেষে তিনি বিএনপির মহাসচিবের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত বিএনপির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।





