স্টাফ রিপোর্টার | ০৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-এর মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট।
গত এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি। রোববার দুপুরে বিআইএফপিসিএল’র উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান।
বিআইএফপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন,
‘সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা আমাদের আধুনিক নকশা এবং টিমের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। এই সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সফল সহযোগিতার এক অনন্য নিদর্শনও।’
বর্তমানে কেন্দ্রটি NTPC Limited-এর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত একদল দক্ষ বাংলাদেশি প্রকৌশলী দ্বারা পরিচালিত হচ্ছে। সংস্থাটি এখন উপদেষ্টা হিসেবে সহায়তা দিচ্ছে।
তবে স্থানীয় মেধাবী প্রকৌশলীদের দ্বারা এই বিশালাকার বিদ্যুৎকেন্দ্রের দৈনন্দিন পরিচালনা দেশের কারিগরি সক্ষমতা অর্জনের পথে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।





