স্টাফ রিপোর্ট, ১২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্রবেশের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে সন্দেহজনকভাবে দলবদ্ধভাবে অবস্থান নেওয়ার খবর পেয়ে তাদের কর্মীরা সতর্ক অবস্থান নেন।
মির্জা আব্বাস জানান, সন্ধ্যা ৭টার দিকে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা হলে নেতাকর্মীদের বাধার মুখে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অভিযোগের ভিত্তিতে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া পল্টনের আনন্দভবন কমিউনিটি সেন্টার, শান্তিনগরের দারুত তাকওয়া মাদ্রাসা, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, আরামবাগ ডিডিএস কেন্দ্র, ফকিরাপুর ওয়াসা কেন্দ্র ও ওয়ারী ক্লাব এলাকাতেও অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্টরা সরে যান বলে জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ফকিরাপুর ও আরামবাগ এলাকার কিছু ছাত্রাবাস ও মেসে কয়েকশ নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তাদের উদ্দেশ্য সকালে বিভিন্ন কেন্দ্র ঘিরে অবস্থান নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নীলক্ষেত, বুয়েট, কাটাবন ও ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন কেন্দ্রগুলোতেও সম্ভাব্য অবস্থান নেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেন মির্জা আব্বাস। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে জানান।
পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।





