আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কারণে কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন এনেছে দলটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনো ধরনের বিক্ষোভ করা হবে না। এ দুই দিন কর্মসূচি বিকেলে পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ দফা দাবিতে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর জামায়াতের ৩ দিনের কর্মসূচি রয়েছে। কিন্তু ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকালে কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। সারাদেশের শাখাগুলোকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।





