স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি করাই তাঁর এ সফরের মূল লক্ষ্য।
মঙ্গলবার বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াসিয়াং।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অন্যান্য কর্মকর্তারা।
সফরকালে ৬ মে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ড. খলিলুর রহমান।
এছাড়া সফরের সময় তিনি চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর চেয়ারম্যান এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।





