ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্যারা স্পোর্টস কার্নিভালে গান গেয়ে মুগ্ধ করা পরিবার পেল আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার, ২৫ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করা এই পরিবারটিকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি। সোমবার মিরপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ হস্তান্তর করা হয়।

প্যারা স্পোর্টস কার্নিভালে বিশেষ ক্ষমতাসম্পন্ন এই শিল্পী পরিবারের অসাধারণ পরিবেশনা দেখে মুগ্ধ হয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার বাস্তবায়ন হিসেবে আজ তাদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে নিজেদের বাদ্যযন্ত্র দিয়ে গান গেয়ে কষ্ট করে জীবিকা নির্বাহ করে আসছে। দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে যারা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, বিশেষ করে গণমাধ্যমকর্মীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল এবং সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে বড় বড় সামাজিক সমস্যাও সহজেই সমাধান সম্ভব।

প্রতিমন্ত্রী জানান, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ইতোমধ্যে নতুন ফেডারেশন গঠনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য নতুন পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বাবা-মা যেন হতাশা বা লজ্জাবোধ না করেন, বরং তারা যেন সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। আগামী জুন মাসের পর থেকে দেশের সব জেলায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে বড় পরিসরে ক্রীড়া আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রীর এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবারটি। একই সঙ্গে তারা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আকুল ইচ্ছা ও স্বপ্নের কথাও জানান।