স্টাফ রিপোর্টার২ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দখলের অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যখন সাধারণ মানুষ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন একটি পক্ষ ভোট দখলের প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
পার্বতীপুরে এক নির্বাচনী সভায় তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে ব্যবসা-বাণিজ্য করেছে এবং তাদের ব্যবসায় কোনো ক্ষতি হয়নি। তিনি দাবি করেন, জনগণ এবার তাদের প্রশ্রয় দেবে না।
হাসনাত আবদুল্লাহ বলেন, জামায়াত, শিবির, এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীদের সমন্বয়ে নির্বাচনী প্রচার জোরদার করতে হবে। তিনি ডা. শফিকুর রহমানের দেওয়া প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভোট প্রার্থীর কাছে নয়, ভোটারের কাছে। তাই প্রতিটি ভোটারের দ্বারে গিয়ে সমর্থন চাইতে হবে। যারা এখনো সিদ্ধান্ত নেয়নি বা বিরোধী অবস্থানে আছে, তাদের কাছেও বারবার যেতে হবে বলে নির্দেশ দেন তিনি।
ভোট দখলের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, অতীতে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ভয়কে উপেক্ষা করেছে, তাই তাদের ভয় দেখিয়ে লাভ হবে না।
সমাবেশে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





