মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের ডাক দিলেন আমিনুল হক

তরুণ–যুবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সৃজনশীল ও শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়—ঢাকা–১৬ এ ধানের শীষের প্রার্থী আমিনুল হক

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ১৪ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি


আগামীতে একটি সুন্দর, সৃজনশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
তিনি বলেন, মানবিকতার ভিত্তিতে সকল শ্রেণি–পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর কবি নজরুল একাডেমি স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন,
“আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ, একটি সৃজনশীল বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ বাংলাদেশের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সমাজের প্রতিটি শ্রেণি—তরুণ, যুবক, বয়োবৃদ্ধ, বাবা-মা—সবার ঐক্যে সমাজ পুনর্গঠন সম্ভব।”

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, খেলাধুলা যেমন শারীরিক-মানসিক উন্নতি ঘটায়, তেমনি সামাজিক শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধও বৃদ্ধি করে।

শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরে আমিনুল হক বলেন,
“জনগণের পাশে থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে চাই, যা গত ৫৪ বছরে দেখা যায়নি।”

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।