মানুষ এখন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের রূপরেখা জানতে চায়: নাহিদ ইসলাম

আচরণবিধি লঙ্ঘন, ভয়ভীতি ও ভোট কেনার কৌশলের অভিযোগ তুলে গণভোট ও নির্বাচনে নির্বিঘ্ন অংশগ্রহণের আহ্বান এনসিপি নেতার

স্টাফ রিপোর্টার | ২৪ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম বলেছেন, মানুষ আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন। শুধু প্রতিশ্রুতি দিলেই মানুষ সন্তুষ্ট হয় না। ভোটাররা প্রশ্ন করে, সেই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা হবে এবং তার বাস্তব রূপরেখা কী।

এক বক্তব্যে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী জোটগুলো বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন পরিকল্পনা নেই। নির্বাচন আচরণবিধিও তারা মানছে না। বিদ্যুতের তার থেকে শুরু করে নানা জায়গায় অবৈধভাবে পোস্টার ঝুলানো হচ্ছে। অন্যদিকে, আচরণবিধি মেনে যেসব জায়গায় আমরা প্রচারণা চালাচ্ছি, সেখানে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বাধা দেওয়া হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগে মানুষ যেন নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসে, সেটাই আমাদের লক্ষ্য। এবারের ভোট শুধু নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য পরিবর্তনের ভোট। একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় কৃত্রিম ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। আগে যেমন আচরণবিধি মানা হয়নি, এখনও তা মানা হচ্ছে না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের নামে ভোট কেনার একটি কৌশল নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে তিনি বলেন, মানুষ এসব কৌশলে আর আগের মতো সাড়া দিচ্ছে না। কারণ মানুষ অতীতে এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতির অভিজ্ঞতা পেয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাংলাদেশে আগে থেকেই রয়েছে। সেগুলোকে রাজনৈতিক প্রণোদনা হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে, যা মানুষ এখন বুঝতে পারছে।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপির প্রার্থীরা এলাকায় এলাকায় গিয়ে মানুষের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শুনছেন এবং সেগুলোর বাস্তবসম্মত ও পরিকল্পিত সমাধান নিয়ে আলোচনা করছেন। এসব বিষয় নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনায় যুক্ত করা হচ্ছে।

তিনি জানান, কেন্দ্রীয়ভাবে ১০ দলীয় ঐক্যের পক্ষ থেকেও সারাদেশে গণভোট ও নির্বাচনের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। উত্তরবঙ্গে একাধিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জামায়াতে ইসলামীর আমিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে সারজিস আলম এবং রংপুরে আখতার হোসেন জনসভা করেছেন।

নাহিদ ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে সারাদেশে গণভোটের গুরুত্ব ও ভোট দেওয়ার প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরতে তারা কাজ করে যাচ্ছেন।